বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

‘From Pen to Papers’: ঢাবিতে ইংরেজি কলাম-ফিচার লেখার কলাকৌশল নিয়ে সেমিনার

Author

মোছাঃ তাসরিনা , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ পাঠ: ৭০ বার

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ১৭ই আগস্ট (সোমবার) বিকেলে আয়োজিত হয়েছে “From Pen To Papers: Mastering Column, Literary Feature and Feature Writing” শীর্ষক ইংরেজি কলাম ও ফিচার লেখার কলাকৌশল বিষয়ক সেমিনার। সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর লেকচারার, কলামিস্ট এবং লেখক মো. বিল্লাল হোসেন। তিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার একজন এলামনাইও বটে।

‎ছাত্রজীবনেই দেশসেরা সব ইংরেজি পত্রিকা যেমন- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি স্টারসহ বিভিন্ন পত্রিকা এবং অনেক বাংলা পত্রিকাতেও তার লেখা প্রকাশিত হয়েছে। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ১ম বারের মতো আয়োজিত বর্ষসেরা লেখকের পুরস্কারও পেয়েছিলেন তিনি। তাই একজন অভিজ্ঞ লেখক হিসেবে তার প্রশিক্ষণ সেমিনার ছিল দুর্দান্ত এবং অনবদ্য। সেমিনারে আরও উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ অনেকেই।

‎সেমিনারের অতিথি এবং প্রশিক্ষক প্রধানত ইংরেজি কলাম ও লিটেরারি ফিচার লেখা নিয়ে বিভিন্ন কলাকৌশল উপস্থাপন করেন। তিনি তুলে ধরেন, কীভাবে ইদানিং বহুল প্রচলিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার আমাদের সৃজনশীল প্রতিভাকে কখনোই ছাপিয়ে যেতে পারবে না, কারণ এআই এর লেখাতে মানবীয় স্পর্শ নেই, নেই মানুষের মতো জটিল আর আকর্ষণীয় মোড় নেওয়ার ক্ষমতা যা মানুষের আগ্রহ ধরে রাখে। তাই আমাদের লেখা সঠিক তথ্যবহুল, যৌক্তিক, বিশ্লেষণধর্মী, সৃজনশীল হতে হবে। লেখাকে আকর্ষণীয় করতে নিজেকে প্রথমে নিজের লেখার পাঠক হতে হবে এবং এভাবে পাঠকদের পালস বুঝতে হবে। লেখাতে নির্ভরযোগ্য উৎস থেকে যথেষ্ট তথ্য ও পরিসংখ্যান থাকতে হবে এবং উপযুক্ত শব্দ ও বাক্য ব্যবহার করতে হবে। তার এমন প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ আলোচনা ইংরেজি লিখতে, লেখার মান বাড়াতে লেখকদের জন্য অনেক উপযোগী ও সহায়ক হবে এবং তাদের লিখতে উৎসাহিত করবে। আলোচনার শেষে তিনি আরও বলেন কীভাবে প্রতিনিয়ত পত্রিকা পড়ার অভ্যাস একজনের শব্দভাণ্ডারকে অনন্যভাবে সমৃদ্ধ করবে এবং তার প্রতিফলন সে তার নিজের লেখায় ঘটাতে পারবে।

‎আলোচনা শেষে ফোরামের সম্পাদকবৃন্দ তার হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন। এরপর সেমিনারে উপস্থিত সবাইকে নিয়ে একটি গ্রুপ ছবি তোলার মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এমন আয়োজন বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করছে এবং সারাদেশ জুড়ে ফোরামের বিভিন্ন শাখার লেখকগণও নিজেদের মতো করে লেখার মাধ্যমে তাদের জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন সমাজে। ইংরেজি কলাম এবং ফিচার লেখার কলাকৌশল নিয়ে করা এমন প্রশিক্ষণমূলক অনবদ্য আয়োজন চালু থাকুক এবং তরুণ সমাজ দেশ এবং মানবতার জন্য তাদের মূল্যবান, বিশ্লেষণধর্মী মতামত নিজের মাতৃভাষায় এবং আন্তর্জাতিক ভাষায় লিখে ছড়িয়ে দিক দেশে ও পুরো বিশ্বে -এটাই কাম্য।

লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।