শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

আবেগ- তৃপ্তির আকাঙ্ক্ষায় আত্মিক অপমৃত্যু

Author

Tahmida Khanom , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬ পাঠ: ১৪৩ বার

আবেগ—শব্দটি উচ্চারণ করা যতটা সহজ, তার ভার বহন করা ততটাই হৃদয়বিদারক। এই ভারে ডুবে যায় কতশত উদীয়মান স্বপ্ন, নিঃশব্দে অপমৃত্যু ঘটে বজ্রকঠোর দৃঢ় সংকল্পের। আবেগ যখন কারও হৃদয়ে একবার দৃঢ় ফণা তোলে, তার বিষদাঁতের ছোবল থেকে নিজেকে রক্ষা করা তখন দুঃসাধ্য ।

এ যেন এক আকস্মিক ঘূর্ণাবর্ত—যার টানে দীপ্ত জ্ঞানও নিজের স্থিরতা হারায়, বিবেচনার মেরুদণ্ড নুয়ে পড়ে, আর স্রষ্টার তরে নিবেদিত সত্তাও নিজেরই বিপরীত পদাঙ্ক অনুসরণ করে। মানুষ তখন জানে কোন আকাঙ্ক্ষা তাকে গ্রাস করবে, তবু সেই আকাঙ্ক্ষার কাছেই নিজেকে সমর্পণ করে।

এ কেমন মানবিক অযৌক্তিকতা—যেখানে তৃপ্তির ক্ষণিক আকাঙ্ক্ষা মানুষের স্বাভাবিক যৌক্তিকতার চোখে কাপড় বেঁধে দেয়? কেন তখন বিবেকের কণ্ঠ এত ক্ষীণ হয়ে আসে? কেন জ্ঞানের আলো উপস্থিত থেকেও সিদ্ধান্তের অন্ধকার দূর করতে পারে না? মানুষ কি সত্যিই নিজের ইচ্ছার অধিপতি, নাকি নিজেরই আবেগের বন্দী?

তবুও মনুষ্যত্বের এক চিরন্তন পরিচয় আবেগ। এই আবেগের আবেশেই মাতৃক্রোড় পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়; এই আবেগেই পিতা হয়ে ওঠেন এক অপরাজেয় বটবৃক্ষ । ভালোবাসা, মমতা, করুণা, মায়া—এসবের শিকড়ও তো সেই আবেগের গভীর মাটিতেই প্রোথিত।

কিছু আবেগ নদীর মতো—তৃষ্ণার্ত মনকে স্নিগ্ধ করে, জীবনকে বহন করে নিয়ে যায়। আবার কিছু আবেগ আকস্মিক জলোচ্ছ্বাস—নিজের সীমা ভুলে এসে তীর ভেঙে দেয়।

সবচেয়ে ভয়ংকর আবেগ সেটি, যে আবেগকে মানুষ নিজের প্রয়োজন বলে ভুল করে। কারণ তখন তৃপ্তি আর প্রয়োজনের সীমারেখা মুছে যায়; আকাঙ্ক্ষা হয়ে ওঠে যুক্তির বিচারক, আর বিবেক দাঁড়িয়ে থাকে নীরব দর্শকের ভূমিকায়।

কিছু আবেগ তাই বড় অস্থির, অনিরাপদ। তারা এসে ধ্বংসযজ্ঞ চালায় এবং চলে যায়—যাওয়ার আগে হৃদয়ে রেখে যায় কিছু ক্ষতচিহ্ন, যা মানুষ পরম যত্নে সারিয়ে তুলতে গিয়েও বারবার নিজেরই ভুলের কাছে ফিরে যায়।

সমস্যা তবে আবেগে নয়; সমস্যা তার লাগামহীনতায়।

আবেগহীন মানুষ যুক্তিতে বাঁচতে পারে, মানুষ হয়ে না। আবার আবেগের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করলে মানুষ নিজের মনুষ্যত্বকেই হারিয়ে ফেলে।

লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।