জ্বালানি তেলের সিন্ডিকেট ভাঙুন
জ্বালানি তেলের সিন্ডিকেট ভাঙুন
পরিবহন, কৃষি, শিল্প—সব ক্ষেত্রেই জ্বালানি তেলের ব্যাপক ব্যবহার রয়েছে। বর্তমান সময়ে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ করে একটি সিন্ডিকেট তৈরি করেছে। এই সিন্ডিকেট নিজেদের স্বার্থে তেলের সরবরাহ কমিয়ে বা মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। বর্তমানে পেট্রোল পাম্পে দেখা যায় যাত্রীবাহী যানবাহনের দীর্ঘ থেকে দীর্ঘতর লাইন। শেষ পর্যন্ত তেল না পেয়ে ফিরে যেতে হয়। নাটোর, সাতক্ষীরা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল লুকিয়ে রেখে বর্তমান বাজারে অস্থিরতা সৃষ্টি করার প্রবণতা দেখা গিয়েছে। বেড়েছে পরিবহন খরচ পাশাপাশি যাত্রীদের ভোগান্তি। তাই জ্বালানি তেলের সিন্ডিকেট ভাঙতে হলে সরকারের কঠোর নজরদারি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং যারা অবৈধভাবে মজুতদারি বা কারসাজি করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। সর্বোপরি, জ্বালানি তেলের সিন্ডিকেট ভেঙে দিয়ে ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি।
রূপালী আক্তার
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
