ঢাবি লেখক ফোরামে ইংরেজি কলাম লেখা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইংরেজি কলাম লিখন প্রশিক্ষণ কর্মশালা। “From Pen to Papers, a professional training workshop on English Column, Literary Feature & Feature Writing” – শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয় কলাভবনের ৪০৪৬ নং কক্ষে। প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রাবন্ধিক, লেখক ও স্টেট ইউনিভার্সিটির লেকচারার মোঃ বিলাল হুসাইন।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিক খান, সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি, সাংগঠনিক সম্পাদক মোঃ জোবাইদুল ইসলাম, অর্থ সম্পাদক সুমাইয়া আক্তার, তথ্যপ্রযুক্তি সম্পাদক মাহমিয়া আলম শান্তা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাইফুল জামান ঝুমু।
ঢাবি শাখার সাধারণ সম্পাদক, আবিদ হাসান রাফির উপস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালিত হয়। উপস্থাপনা বক্তব্যে তিনি শিক্ষার্থীদের আগ্রহের প্রতি সাধুবাদ জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের আগ্রহের কারণেই মূলত এ কর্মশালার আয়োজন; আশা করি – এটি তাদের লেখনীতে সহায়ক হিসেবে কাজ করবে।”
এরপর উদ্বোধনী বক্তব্য রাখেন শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জোবাইদুল ইসলাম। তিনি বলেন, “মাতৃভাষার পাশাপাশি অন্যান্য ভাষায় শিক্ষার্থীদের লেখালেখির আগ্রহ প্রশংসার দাবিদার; আমাদের ফোরাম শিক্ষার্থীদের লেখনীশক্তি উন্নয়নে বদ্ধপরিকর।”
প্রশিক্ষক বিলাল হুসাইন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্যবহুল ও পর্যায়ক্রমে সাজানো স্লাইড প্রদর্শন পূর্বক কর্মশালাটি পরিচালনা করেন। লেখালেখির উদ্দেশ্য, সমাজে এর প্রভাব ও উচ্চশিক্ষায় কলাম লেখনীর গুরুত্ব সম্পর্কে তিনি আলোকপাত করেন। এছাড়াও তিনি বলেন, “লেখক হওয়ার জন্য পত্রিকা পাঠের বিকল্প নেই; আর ইংরেজি কলাম লেখনির পূর্বশর্ত হচ্ছে – শব্দার্থ আয়ত্ত, সঠিক শব্দ ও বাক্যের প্রয়োগ।” ইংরেজি কলাম ও ফিচার লেখার হাতেখড়ি থেকে শুরু করে লেখার মানোন্নয়ন ও সর্বশেষ পত্রিকায় লেখা পাঠানোর নিয়ম – সকল কিছুই অন্তর্ভুক্ত ছিল তাঁর আলোচনায়।
বিকেল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হয় প্রায় ১ ঘণ্টা পর। প্রশিক্ষণার্থীরা ব্যাপক উৎসাহের সাথে কর্মশালাটি উপভোগ করেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের থেকে উন্মুক্ত প্রশ্ন ও মন্তব্য গ্রহণ করা হয়। পরিশেষে, প্রধান বক্তাকে সম্মাননা স্মারক তুলে দেয়ার মাধ্যমে আয়োজনটির পরিসমাপ্তি ঘটে। ফোরামের সদস্যরা পুনরায় এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের জন্য কমিটি নেতৃবৃন্দের কাছে অনুরোধ করেন।
